নাটোরের বড়াইগ্রামে আমবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার রয়না পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেন পরিবার নিয়ে মাইক্রোবাসে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে রয়না পাম্প এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই আকিব হোসেনের চার মাস বয়সী ছেলে ইজাজ নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালে নেওয়ার পথে আকিবের চার বছর বয়সী অপর ছেলে ইহানের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হয়েছেন আকিব হোসেন, তার স্ত্রী এ্যানী এবং তার মা কনা। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্ঘটনায় এক পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।