
নড়াইল সদর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে উপজেলার তুলারামপুর পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি তুলারামপুর এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নড়াইল সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন বলে স্থানীয়দের ধারণা। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, ঘটনাটি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।