
নড়াইল সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাপায় সূর্য দাস নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার মুলিয়া-বাহরিগ্রাম সড়কের কোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সূর্য দাস কোড়গ্রামের সুমন দাসের ছেলে।
স্থানীয় ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, মুলিয়া এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যান বাহরিগ্রামের দিকে যাচ্ছিল। পথে কোড়গ্রাম এলাকায় পৌঁছালে সড়ক পার হওয়ার সময় শিশুটি অটোভ্যানটির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু বলেন, দুর্ঘটনার বিষয়টি পুলিশ জানতে পেরেছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।