
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৯৮ জনের শরীরে হাম ও হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার (১৫ আগস্ট) পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯০২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮০৩ জনের।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭০ শিশু। আর হামের উপসর্গ দেখা দিয়েছে ৭২৮ জনের শরীরে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪১ হাজার ৭৭৬ জনে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৩ হাজার ৪৯৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ১৯ হাজার ৮৯ জন।
চিকিৎসকদের মতে, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা মূলত শ্বাসতন্ত্রের মাধ্যমে ছড়ায়। উচ্চ জ্বর, সর্দি, কাশি এবং সারা শরীরে লাল ফুসকুড়ি বা দানা ওঠা এ রোগের প্রধান লক্ষণ।
সময়মতো চিকিৎসা না নিলে হাম থেকে নিউমোনিয়াসহ বিভিন্ন গুরুতর জটিলতা দেখা দিতে পারে। এ কারণে শিশুদের মধ্যে এসব উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।