ঢাকাবুধবার , ২২ এপ্রিল ২০২৬
  • অন্যান্য

দেশে সার্জারি ক্লিনিক চালু করবে চীন

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২২, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ । ১৮ জন

বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এবার দেশে চায়না-বাংলাদেশ যৌথ সার্জারি ক্লিনিক চালুর বিষয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে এ সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ক্লিনিকটি যৌথভাবে বাস্তবায়ন করবে বিএমইউ এবং চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমইউ ভিসি অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। এতে স্বাগত বক্তব্য দেন প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা. নজরুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন, কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ইয়াং ওয়েনসহ দুই দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণা খাতের শীর্ষ কর্মকর্তারা।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, এই সমঝোতা দুই দেশের দীর্ঘদিনের সহযোগিতার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, চীনের উন্নত চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞতা বাংলাদেশের স্বাস্থ্যখাতকে আরও এগিয়ে নেবে। পাশাপাশি গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি উল্লেখ করেন।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে একসঙ্গে কাজ করছে। ভবিষ্যতে এই সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে।

তিনি আরও জানান, রোবোটিক রিহ্যাবিলিটেশন, কার্ডিওভাসকুলার ক্লিনিকসহ বিভিন্ন উন্নত চিকিৎসা প্রকল্পে চীন ইতোমধ্যে বাংলাদেশে সহযোগিতা করছে। নতুন এই ক্লিনিক সেই সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই যৌথ উদ্যোগ বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও সার্জারি সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াবে এবং রোগীদের উন্নত চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ তৈরি করবে।