
দেশে এত মেধাবী চিকিৎসক থাকা সত্ত্বেও বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় কেন-এমন প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজে পিসিওএস সচেতনতা বিষয়ক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ প্রশ্ন তোলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, যাতে চিকিৎসার জন্য তাদের বিদেশে যেতে না হয়। এতে দেশের বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে।
তিনি বলেন, “আমাদের এত মেধাবী চিকিৎসক থাকা সত্ত্বেও কেন রোগীদের ভারত, থাইল্যান্ড কিংবা অন্য কোনো দেশে গিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হবে?”
সাখাওয়াত হোসেন বলেন, দেশের চিকিৎসকরা বিদেশের চিকিৎসকদের মতোই সফলভাবে চিকিৎসা দিতে সক্ষম। এ জন্য প্রয়োজন যথাযথ সুযোগ-সুবিধা, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের জনসংখ্যার তুলনায় হাসপাতালের শয্যা সংখ্যা অনেক কম। তাই হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসেবার পরিধিও বাড়াতে হবে।