
‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’ প্রতিপাদ্যে দিনাজপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টায় দিনাজপুর স্বাস্থ্য বিভাগের আয়োজনে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, নবজাতকের জন্মের প্রথম এক ঘণ্টার মধ্যেই মাতৃদুগ্ধ পান শুরু করা উচিত। শিশুর জীবনের প্রথম ছয় মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো এবং এরপর উপযুক্ত পরিপূরক খাবারের পাশাপাশি দুই বছর বা তারও বেশি সময় মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা প্রয়োজন। তিনি বলেন, মাতৃদুগ্ধ শিশুর পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ-সবল জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এবং হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নূর আলম।
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, জন্মের পরপরই শিশুকে শালদুধ পান করানোর বিষয়ে পরিবারগুলোকে নিয়মিত পরামর্শ দেওয়া হয়। তিনি বলেন, মায়ের দুধই শিশুর জন্য সর্বোত্তম খাদ্য এবং নির্দিষ্ট সময় পর্যন্ত এর কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. মসজিদুর রহমান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মাতৃদুগ্ধবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এছাড়া বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে জেলায় সপ্তাহজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।