
রাজধানীর দক্ষিণগাঁও ও নন্দীপাড়া এলাকায় কাঁচা রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার (২৭ এপ্রিল) আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, এমপি।
ডিএসসিসির নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পের আওতায় দক্ষিণগাঁও ও নন্দীপাড়া এলাকার একাধিক সড়ক উন্নয়ন করা হবে। এর মধ্যে দক্ষিণগাঁওয়ের ৬ নম্বর সড়কের একটি অংশ ১৬ ফুট প্রশস্ত করে নির্মাণ, নন্দীপাড়ায় রমজান সাহেবের বাড়ি থেকে বাইতুল আবরার জামে মসজিদ পর্যন্ত রাস্তা উন্নয়ন এবং নেয়াজবাগ এলাকায় ১৩ নম্বর কাঁচা রাস্তার উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে।
নাগরিক সুবিধায় সহযোগিতার আহ্বান
প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বলেন, নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে পরিকল্পিত রাস্তা ও অবকাঠামো নির্মাণের স্বার্থে স্থানীয় বাসিন্দাদের কিছুটা ছাড় দিতে হবে। তিনি জানান, উন্নয়ন কাজ শেষ হলে এলাকার জীবনযাত্রার মান বাড়বে এবং সম্পত্তির মূল্যও বৃদ্ধি পাবে।
ডেঙ্গু ও জলাবদ্ধতা নিয়ে সতর্কতা
আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। ড্রেন বা খালে ময়লা না ফেলা এবং বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার ওপর জোর দেন প্রশাসক। তিনি জানান, খাল, ড্রেন ও বক্স কালভার্ট পরিষ্কারে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং ভবিষ্যতে পানি নিষ্কাশনের জন্য নতুন আউটলেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, উন্নয়নের লক্ষ্য ব্যক্তিগত নয়, বরং সামগ্রিক জনকল্যাণ নিশ্চিত করা।
অনুষ্ঠানে ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।