
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বিভিন্ন প্রধান সড়কে পর্যায়ক্রমে ডেকোরেটিভ স্মার্ট লাইট পোল স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। নাগরিকদের চলাচল আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার পাশাপাশি নগরীর সৌন্দর্য বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের খামারবাড়ি গোলচত্বর এলাকায় ডিএনসিসির বিদ্যুৎ বিভাগের উদ্যোগে স্মার্ট লাইটের ডেকোরেটিভ পোল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা নগরীকে আরও আলোকিত, আধুনিক ও নান্দনিক করে গড়ে তোলার নির্দেশনা বাস্তবায়নে এই প্রকল্প নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পর্যায়ক্রমে আধুনিক ডেকোরেটিভ পোল স্থাপন করা হলে রাতে চলাচল আরও নিরাপদ ও আরামদায়ক হবে। পাশাপাশি নগরীর সৌন্দর্যও বৃদ্ধি পাবে।
তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি ডেকোরেটিভ পোলগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের দায়িত্বও সিটি কর্পোরেশন পালন করবে। তবে নগরীর উন্নয়ন ও জনসম্পদের সুরক্ষায় নগরবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
শফিকুল ইসলাম খান বলেন, সরকার নির্বাচনী অঙ্গীকারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে। পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্নতা ও আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলাই ডিএনসিসির লক্ষ্য।
তিনি আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে আধুনিক, পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির বিভিন্ন বিভাগের কর্মকর্তা এবং যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।