
রাজধানীর ডেমরা এলাকায় ট্রাকের ধাক্কায় মাশরাফি মুস্তাকিম আলিফ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ-এর বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
শনিবার (৩ মে) রাত ৮টার দিকে ডেমরার দেল্লা ও পাইটি এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, যাত্রাবাড়ী-ডেমরা এক্সপ্রেসওয়ে দিয়ে একটি ট্রাক উল্টো পথে চলছিল। এ সময় দেল্লা-পাইটি এলাকায় এসে ট্রাকটি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে গেলে রাত ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আলিফের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল হাওলাদার জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি জব্দ করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।