
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) কে-৭১ ব্যাচের শিক্ষার্থী ডা. ইফফাত মোকাররমাহ ঐশী। ৩৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গু জটিলতায় আক্রান্ত হয়ে তিনি মারা যান। তরুণ এই চিকিৎসকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদফতর।
রবিবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
জানা গেছে, ডা. ইফফাত মোকাররমাহ ঐশী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগে রেসিডেন্সি কোর্সে অধ্যয়নরত ছিলেন। তিনি লিভারজনিত মস্তিষ্ক বিকার, জটিল ডেঙ্গু এবং গর্ভাবস্থাজনিত হেল্প সিনড্রোমে আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তরুণ এই চিকিৎসকের অকাল মৃত্যু চিকিৎসক সমাজে শোকের ছায়া ফেলেছে। সহকর্মী ও শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ডা. ঐশীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন এবং ডেঙ্গু প্রতিরোধে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।