
খুলনার দিঘলিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা, শিশু কন্যাসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার খুলনা-কালিয়া সড়কের ডোমরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নড়াইলের কালিয়া উপজেলার উথালি গ্রামের বাসিন্দা সিহাব শেখ (২৪) মোটরসাইকেলে স্ত্রী, শ্যালিকা ও দুই বছর বয়সী কন্যাকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে রওনা হন। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন (২২), শ্যালিকা রুবিয়া খাতুন (১৬) এবং দুই বছর বয়সী কন্যা মায়মুনা। রুবিয়া নড়াইল জেলার কালিয়া উপজেলার বেন্দার চর গ্রামের সিরাজুল শেখের মেয়ে।
গুরুতর আহত সিহাব শেখকে উদ্ধার করে নড়াইলের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে ক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিঘলিয়া থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস জানান, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আহত সিহাব শেখ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাকের চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।