
দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে, যা কালবৈশাখী ঝড়ের স্বাভাবিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে।
ঘাট কর্তৃপক্ষ জানায়, রাতভর কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৬টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।
বর্তমানে ফেরি ও লঞ্চগুলো ঘাটের দুই প্রান্তে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়েছে।
বিআইডব্লিউটিসির ডিজিএম মো. সালাম হোসেন জানান, আবহাওয়া অনুকূলে এলে ফেরি চলাচল আবার স্বাভাবিক করা হবে।
উল্লেখ্য, পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে প্রতিদিন ২২টি ফেরি, ৩৩টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করে।