
ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালানো হয়েছে। শনিবার (১৯ জুলাই) ভোর থেকে ডিএসসিসির অঞ্চল-৬-এর ৭৪ ও ৭৫ নম্বর ওয়ার্ড—নন্দীপাড়া ও নাসিরাবাদ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া অভিযানটি পরিদর্শন ও পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করেন।
ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের ছয় শতাধিক কর্মী ছাড়াও স্থানীয় বাসিন্দা ও বিডি ক্লিন সদস্যদের অংশগ্রহণে এ অভিযান বাস্তবায়িত হয়। পরিষ্কার করা হয় ড্রেন, নর্দমা ও ফুটপাত। পাশাপাশি মশক নিধনে ওষুধ ছিটানো হয় এবং জনসচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়।
সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, “আমরা যদি নিজ আঙিনা পরিষ্কার রাখি, যত্রতত্র ময়লা না ফেলি তাহলে সিটি করপোরেশনের কাজ অনেক সহজ হয়ে যায়। নাগরিক অভ্যাস পরিবর্তনই পরিচ্ছন্ন নগর গড়ার প্রধান চাবিকাঠি।”
প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “আমরা নাগরিকদের দুয়ারে দুয়ারে এসেছি সচেতনতা ছড়িয়ে দিতে। ডেঙ্গু নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণই আমাদের সাফল্যের মূল শক্তি।”
তিনি আরও জানান, নবগঠিত ওয়ার্ডগুলোর অবকাঠামোগত উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধান ও স্থানীয় নেতারা।
এ উদ্যোগের মাধ্যমে নগরবাসীর মধ্যে সচেতনতা বাড়িয়ে ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও পরিচ্ছন্ন নগর পরিবেশ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ডিএসসিসি।