
চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে ইকবাল হোসেন মালিতা (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) বিকেল ৩টার দিকে মোমিনপুর রেলস্টেশন সংলগ্ন কবরস্থানের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইকবাল হোসেন মালিতা আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের কান্তপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আলতাব হোসেন মালিতার ছেলে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে চিলাহাটি অভিমুখী রকেট এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা রেলওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই জগদীশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ও মানসিক সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের দাবি। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।
পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে।