ঢাকারবিবার , ১ মার্চ ২০২৬
  • অন্যান্য

চিকিৎসায় বিদেশের ওপর নির্ভরতা কমাতে উদ্যোগ নেবে সরকার

নিজস্ব প্রতিবেদক
মার্চ ১, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ । ১৩৮ জন

দেশের চিকিৎসা ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরতা কমানো জরুরি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (১ মার্চ) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগ্রামে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “চিকিৎসায় বিদেশনির্ভরতা কমাতে হবে। বিএমইউতে মলিকিউলার ল্যাবরেটরি গঠন এবং আবাসিক সংকট সমাধান করা হবে। যতক্ষণ মন্ত্রণালয়ে আছি, চিকিৎসকদের জন্য যা যা প্রয়োজন সবই করব।”

তিনি আরও বলেন, মেডিকেল শিক্ষাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার জন্য শিক্ষামন্ত্রীর কাছ থেকে অনুরোধ এসেছে। কারণ, শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে দেশের মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, দেশের মানুষের জন্য মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, দুর্নীতি ও সীমাবদ্ধতা দূর করে সেবা প্রদান করলে দেশের প্রান্তিক মানুষও স্বাস্থ্যসেবা পাবে।

ডা. মুহিত তরুণ চিকিৎসকদের গবেষণায় গুরুত্ব দিতে বলেন। এছাড়া তিনি এআইসহ আধুনিক প্রযুক্তিতে নিজেদের জ্ঞান বৃদ্ধির পরামর্শ দেন, যাতে ভবিষ্যতে স্বাস্থ্যসেবায় উন্নতি সম্ভব হয়।