
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খালেকুর রহমান (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে পৌর এলাকার মিস্ত্রীপাড়ায় নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন।
মৃত খালেকুর রহমান পৌর এলাকার মিস্ত্রীপাড়ার মৃত মুঞ্জুর বিশ্বাসের ছেলে। তার ছেলে হাসানুর জামান পাভেল জানান, “গত দুইদিন ধরে বাবা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। আজ বিকেলে তিনি মারা যান।”
চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ বলেন, “ডেঙ্গুতে কেউ বাড়িতে মারা গেছেন, এমন তথ্য আমাদের জানা নেই। এখন পর্যন্ত হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। আমরা খোঁজ নিচ্ছি।”
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৭১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু আক্রান্তদের নিয়মিত পর্যবেক্ষণ ও চিকিৎসা নিশ্চিত করতে প্রতিটি হাসপাতালকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বাড়িতে চিকিৎসাধীন রোগীদের ঝুঁকি বেশি থাকায় প্রয়োজন হলে দ্রুত হাসপাতালে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।