
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে যাত্রীবাহী লেগুনা ও লাল সবুজ পরিবহনের একটি চেয়ার কোচের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ঈদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নোয়াখালী সদর থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল লাল সবুজ পরিবহনের একটি চেয়ার কোচ। একই সময়ে ঈদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে যাচ্ছিল। খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বাসটির সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়। এতে ভেতরে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহেদ, রফিক ও জিয়াবুল হকের মৃত্যু হয়। পরে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জসিম উদ্দিন।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।