খুলনা মহানগরীর দৌলতপুর থানার রেলিগেট এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আটটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়িগেট থেকে খুলনার দিকে যাচ্ছিল একটি রয়েল পরিবহন বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে মোটরসাইকেলে থাকা নারী ও পুরুষ বাসটির চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তবে এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিহতদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


