
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলায় যান্ত্রিক ত্রুটির কারণে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নীলাচল পরিবহনের যাত্রীবাহী বাস ধাক্কা দিলে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে উপজেলার নাথেরপেটুয়া এলাকার বিপুলেশ্বর বড়কাচি বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল (৬০) নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কাচিহাট গ্রামের মৃত নলি মিয়ার ছেলে।
লালমাই হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নাথেরপেটুয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে যান্ত্রিক ত্রুটির কারণে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ১৬ জন যাত্রী আহত হন।
পুলিশ জানায়, স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের মধ্যে মোস্তফা কামালকে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক রেকারের মাধ্যমে সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।