
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। আজ ঈদযাত্রার চতুর্থ দিনের, অর্থাৎ ২৬ মে’র টিকিট বিক্রি শুরু হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। এছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে।
রেলওয়ে জানিয়েছে, যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
ঈদ উপলক্ষে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে পাঁচ দিনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৩ মে’র টিকিট বিক্রি হয়েছে ১৩ মে, ২৪ মে’র টিকিট ১৪ মে এবং ২৫ মে’র টিকিট ১৫ মে বিক্রি করা হয়। আর ২৭ মে’র টিকিট বিক্রি হবে আগামী ১৭ মে।
এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মে’র টিকিট বিক্রি করা হবে বলেও জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, একজন যাত্রী ঈদের অগ্রিম যাত্রার জন্য সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক চারটি টিকিট সংগ্রহ করা যাবে। তবে এসব অগ্রিম টিকিট রিফান্ড করা যাবে না।
এদিকে যাত্রীদের সুবিধার্থে যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট (উচ্চ শ্রেণি ব্যতীত) স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।