
ইন্দোনেশিয়া-এর রাজধানী জাকার্তা-র অদূরে ভয়াবহ ট্রেন সংঘর্ষে অন্তত ৪ জন নিহত এবং কয়েক ডজন যাত্রী আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
কর্তৃপক্ষ জানায়, জাকার্তার উপকণ্ঠে বেকাসি তিমুর স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা একটি দূরপাল্লার ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে স্ট্রেচারে করে হাসপাতালে নেওয়া হচ্ছে।
রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা কেএআই-এর মুখপাত্র অ্যান পুরবা চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত ৩৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে রেল সংস্থাটি এবং দুর্ঘটনার কারণ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।