
ইথিওপিয়ার উত্তর আফার অঞ্চলে আশ্রয়প্রার্থী ও অভিবাসী বহনকারী একটি পণ্যবাহী ট্রাক উল্টে কমপক্ষে ২২ জন নিহত এবং ৬৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি মঙ্গলবার (৬ জানুয়ারি) জিবুতির পশ্চিমে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত সেমেরা এলাকায় ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
আফার অঞ্চলের যোগাযোগ দফতর জানিয়েছে, ট্রাকটি অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় উল্টে যায়। একই সঙ্গে অবৈধ দালালদের প্ররোচনায় মানুষ ঝুঁকিপূর্ণ যাত্রাপথে নামেন। দুর্ঘটনার পর উদ্ধারকাজ অব্যাহত রয়েছে, আহতদের ডাউবটি রেফারাল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আঞ্চলিক সরকার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এ অঞ্চলের ‘ইস্টার্ন রুট’ নামে পরিচিত অভিবাসন পথটি জিবুতি হয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে ইয়েমেনে প্রবেশের জন্য ব্যবহার হয়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, ২০২৫ সালের জানুয়ারি–সেপ্টেম্বরের মধ্যে এই রুটে ৮৯০ জনের মৃত্যু বা নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি।
ঝুঁকিপূর্ণ সত্ত্বেও এই পথের জনপ্রিয়তা বাড়ছে। আইওএম একে বিশ্বের সবচেয়ে ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ অভিবাসন পথ হিসেবে আখ্যা দিয়েছে।
ইথিওপিয়া আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ, যার জনসংখ্যা প্রায় ১৩ কোটি। দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও বিশ্বব্যাংকের তথ্যে দেশটির ৪০ শতাংশের বেশি মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করে।
সূত্র: আল-জাজিরা নিউজ