
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতের প্রসারে বাগেরহাটের খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (২৬ জুলাই) বিকেলে বাগেরহাটের ফয়লা এলাকায় হজরত খানজাহান আলী (রা.) বিমানবন্দর নির্মাণস্থল সরেজমিন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, খানজাহান আলী বিমানবন্দর চালু হলে মোংলা বন্দর, সুন্দরবনসহ পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমে নতুন গতি আসবে। আন্তর্জাতিক মান বজায় রেখে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরটির নির্মাণকাজ পুনরায় চালু করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
তিনি আরও বলেন, বিমানবন্দরটি চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পর্যটন খাতেও এর ইতিবাচক প্রভাব পড়বে।
পরিদর্শনকালে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, মোংলা বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য, ইপিজেডের আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং সুন্দরবনকেন্দ্রিক দেশি-বিদেশি পর্যটকদের দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের জন্য একটি পূর্ণাঙ্গ বিমানবন্দর এখন সময়ের দাবি।
এদিকে, চীনের সরকারি প্রতিষ্ঠান সিএসসির ব্যবস্থাপনা পরিচালক পিটারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিমানবন্দর প্রকল্প এলাকা পরিদর্শন করে স্থানটির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছে।
পরিদর্শনকালে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, কেডিএর প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, রামপাল উপজেলা বিএনপির সভাপতি আলহাজ শেখ হাফিজুর রহমান তুহিন, মোংলা উপজেলা বিএনপির সভাপতি মো. মান্নান হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।