
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আবুল কালাম আজাদ (টিমন) (৩৫) নামে এক পাওয়ার টিলারচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম আজাদ (টিমন) নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মো. মহিবুর রহমানের ছেলে।
নাচোল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ একটি পাওয়ার টিলার-ট্রলিতে একটি ছাগল নিয়ে দেওপাড়া থেকে নিজ বাড়ি বান্দ্রায় ফিরছিলেন। পথে দেওপাড়া অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেন তার গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং আইনগত কার্যক্রম শুরু করে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পরও ওই রেলপথে ট্রেন চলাচল এবং সড়কপথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।