
দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজন শিশু এবং মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৯০৭ জন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদন ও ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের পৃথক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার (২৫ আগস্ট) পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৯৪৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন। আর হাম উপসর্গে মৃত্যু হয়েছে ৮৪৪ শিশুর।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯০৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৩০ জনে।
একই সময়ে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হওয়ায় চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, হাম ও ডেঙ্গু-দুই রোগেই আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।