
নোয়াখালীর সোনাইমুড়ীতে বালুবাহী ট্রাকের ধাক্কায় মো. জীবন হোসেন (১৫) নামে এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলার ইসলামগঞ্জ বাজারের উত্তর পাশে বুরো বাংলাদেশের বজরা শাখার সামনে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জীবন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রাজারামপুর গ্রামের জাহের মিয়ার বাড়ির মো. হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রাতে নাম্বারবিহীন একটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল ইউটার্ন নেওয়ার সময় নোয়াখালীগামী একটি বালুবাহী ট্রাক সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা জীবন ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
দুর্ঘটনার পর ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. সাখাওয়াত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।