
সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) ভোর ৬টার দিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাঘটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি ঢাকা জোনে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। চলতি বছর আনসার ও ভিডিপি সমাবেশে তিনি মহাপরিচালকের পদক লাভ করেন। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির জামালগঞ্জ ব্লাড সেন্টারের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, কয়েক দিন আগে ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন উজ্জ্বল। সোমবার সকালে মোটরসাইকেলযোগে মৌলভীবাজারে নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে ডাবর পয়েন্ট এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয়দের কেউ কেউ জানান, একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগার পর এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল হোসেনের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওলি উল্ল্যাহ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।