
সিলেটের কোম্পানীগঞ্জে ট্রাক শ্রমিক মো. আবুল হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন।
সংগঠনটির ঘোষণা অনুযায়ী, শনিবার (৬ জুন) মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে আগামীকাল রোববার (৭ জুন) ভোর ৬টা থেকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে সব ধরনের পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কোম্পানীগঞ্জ উপজেলা উপ-কমিটির সভাপতি কবির হোসেন।
তিনি বলেন, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হবে।
এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র্যাব-৯ বরাবর স্মারকলিপি দেন সংগঠনের সভাপতি আবু সরকার ও সাধারণ সম্পাদক মো. মাসুম আহমদ লস্কর।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২১ মে বিমানবন্দর থানার ধূপাগুল এলাকায় নিজের ক্রাশার মিল বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কোম্পানীগঞ্জের খাগাইল এলাকায় হামলার শিকার হন শ্রমিক নেতা আবুল হোসেন। অভিযোগ রয়েছে, খাগাইলের আলিউর রহমান ও নাসির উদ্দিনের নির্দেশে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়।
গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন লাইফ সাপোর্টে থাকার পর গত ২৭ মে তিনি মারা যান। পরে ঈদের দিন তার জানাজা ও দাফন সম্পন্ন হয়।
শ্রমিক নেতাদের অভিযোগ, হত্যাকাণ্ডের পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। পাশাপাশি কোম্পানীগঞ্জ থানার ওসির সহায়তায় মামলার অন্যতম অভিযুক্ত নাসির উদ্দিন কানাডায় পালিয়ে গেছেন বলেও দাবি করেন তারা।
তবে এসব অভিযোগ অস্বীকার করে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার বলেন, এ পর্যন্ত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একটি টিম কাজ করছে।