
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজন পুরুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪০ জনে। একই সময়ে নতুন করে ১৫৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন দুই মৃত ব্যক্তির একজনের বয়স ৭২ বছর, অপরজনের ৫০ বছর। দুজনই পুরুষ।
২৪ ঘণ্টার এই সময়ে বরিশালের হাসপাতালগুলোতে সর্বোচ্চ ১০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া— ঢাকা মহানগরীতে: ২১ জন, ঢাকা বিভাগের অন্যান্য অংশে: ১২ জন, চট্টগ্রাম বিভাগে: ১১ জন, রাজশাহী বিভাগে: ৬ জন, সিলেট বিভাগে: ২ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৯ হাজার ২২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ২২ জন পুরুষ ও ১৮ জন নারী মারা গেছেন।
ডেঙ্গু পরিস্থিতি বিভিন্ন জেলায় ফের বেড়ে চলেছে। বিশেষ করে বরিশাল, ঢাকার বাইরের অঞ্চল এবং দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে বাড়ছে সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত মশা নিধন কার্যক্রম, সচেতনতা এবং দ্রুত চিকিৎসা না পেলে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তর সবাইকে বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি সরিয়ে ফেলা এবং জ্বর হলে দ্রুত পরীক্ষা ও চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছে।