ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালক নিহত

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৪, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ । ১১১ জন

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় বাবুল হাওলাদার সাগর (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) ভোর সোয়া ৫টার দিকে কাজলা টোলপ্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল হাওলাদারের বাড়ি নারায়ণগঞ্জের মদনপুর এলাকায়। তার বাবা আজিজ হাওলাদার। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। বাবুল এক ছেলে ও এক মেয়ের জনক।

প্রত্যক্ষদর্শী ও রিকশার যাত্রী মো. নয়ন সরকার জানান, ভোরে তিনি বাবুলের অটোরিকশায় মালামাল নিয়ে যাত্রাবাড়ী যান। কাজ শেষে একই রিকশায় ফেরার পথে কাজলা টোলপ্লাজা এলাকায় রাস্তায় রিকশাটি বিকল হয়ে পড়ে। তখন চালক বাবুল রিকশাটি টেনে নেওয়ার চেষ্টা করছিলেন এবং নয়ন রিকশার পেছনে হাঁটছিলেন।

এ সময় একটি কাভার্ড ভ্যান একটি প্রাইভেটকারকে ওভারটেক করতে গিয়ে বাবুলের ওপর উঠে যায়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক গাড়ি নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে নয়ন সরকার নিজেই বাবুলকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৬টার দিকে বাবুল হাওলাদার সাগরকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী বিউটি আক্তার জানান, ভোর পৌনে ৫টার দিকে তার স্বামী বাসা থেকে কাজে বের হয়েছিলেন। এর আধা ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশ তদন্ত করছে এবং ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।