
নেত্রকোনার মোহনগঞ্জ–ময়মনসিংহ রেলপথের চল্লিশা এলাকায় কমিউটার ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আকাশ রায় (২৪) ও রাসেল মিয়া (২৫)। আকাশ রায় দিনাজপুরের চিরিবন্দর উপজেলার ছোট বাউল গ্রামের সন্তেষ রায়ের ছেলে এবং রাসেল মিয়া শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মালিজাকান্দা গ্রামের লুৎফর রহমানের ছেলে। তারা দুজনই চল্লিশা বাজারসংলগ্ন নতুন বাইপাস মোড়ে অবস্থিত জীবন বাবুর রাইস মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ছয়টার দিকে আকাশ রায় ও রাসেল মিয়াসহ সাত থেকে আটজন যুবক চল্লিশা রেললাইনে ঘুরতে যান। এ সময় তারা রেললাইনের ওপর দাঁড়িয়ে ছবি ও ভিডিও ধারণ করছিলেন। ঠিক তখনই মোহনগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা একটি কমিউটার ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে আকাশ ও রাসেল রেললাইনের পাশের দিকে ছিটকে পড়েন।
ট্রেনটি চলে যাওয়ার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে কিছুক্ষণের মধ্যেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন সরকার জানান, ট্রেনে কাটা পড়ে নিহত দুই যুবকের মরদেহ রেলওয়ে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।