ঢাকাবৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬
  • অন্যান্য

আজকের সর্বশেষ সবখবর

মেট্রোরেলে ভিডিও ও কনটেন্ট তৈরির ওপর নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ১:৫২ অপরাহ্ণ । ৮৫ জন

মেট্রোরেল স্টেশন এলাকা ও ট্রেনের ভেতরে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভিডিও ধারণ ও কনটেন্ট তৈরির ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সম্প্রতি ডিএমটিসিএলের পক্ষ থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেছেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোস্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বাহিরের পথ, ট্রেনের ভেতর এবং সংশ্লিষ্ট স্থাপনায় ডিএমটিসিএল কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো ধরনের শর্ট ভিডিও, ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, ফটোগ্রাফি, লাইভ স্ট্রিমিং বা অন্যান্য কনটেন্ট কার্যক্রম করা যাবে না।

এছাড়া বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে এ ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অনুমতি ছাড়া এগুলো করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিএমটিসিএলের বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা-২০২৩ অনুযায়ী, মেট্রোরেলের আওতাধীন এলাকায় বাণিজ্যিক শ্যুটিং, ভিডিও বা ফটোগ্রাফির জন্য নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে।