
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এর হাম আইসোলেশন ওয়ার্ডে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ৩৩ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮৫ শিশু।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ মার্চ থেকে আজ সকাল পর্যন্ত হামের লক্ষণ নিয়ে মোট ৬৮৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৮৫ শিশু এবং মৃত্যু হয়েছে ১৫ শিশুর। সর্বশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও ২৮ শিশু।
হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অল্পসংখ্যক শিশু হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হতে শুরু করে। তবে মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়তে থাকে।
তিনি আরও জানান, আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু রয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। তাই শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা, আক্রান্তদের দ্রুত চিকিৎসার আওতায় আনা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো জরুরি।