
ময়মনসিংহে হামের প্রকোপ কমার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে মৃতের সংখ্যা দাঁড়াল ২০-এ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মারা যাওয়া শিশুদের মধ্যে একজনের বয়স ৭ মাস, তার বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলায়। গত ২২ এপ্রিল তাকে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। দ্বিতীয় শিশুর বয়স ৪ মাস, বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়; তাকে ২৩ এপ্রিল ভর্তি করা হয়। তৃতীয় শিশুর বয়স ৫ মাস, বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়; তাকে ২০ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিন শিশুই হাম উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩২ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ শিশু। বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ৭৪ শিশু।
গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৯২৫ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৮৩১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং ২০ শিশুর মৃত্যু হয়েছে।
চিকিৎসকরা জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রে শিশুরা হাম ছাড়াও নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জটিল অবস্থায় হাসপাতালে আসছে।