
রাজধানীর মগবাজার–মৌচাক ফ্লাইওভারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন–অটোরিকশাচালক নয়ন তালুকদার (৭০) এবং মোটরসাইকেলচালক ইয়াসিন আরাফাত (২১)। ইয়াসিন আরাফাত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, নয়ন তালুকদার যাত্রাবাড়ীর ধলপুর এলাকার রমেজ তালুকদারের ছেলে এবং ইয়াসিন আরাফাত দক্ষিণ মুগদার জহিরুল ইসলামের ছেলে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।