
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ প্রায় ৮ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করেন ভুইয়া ফেব্রিকস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা।
স্থানীয় সূত্র ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, খাদুন এলাকার ভুইয়া ফেব্রিকস কারখানায় প্রায় ৪০০ শ্রমিক কাজ করেন। তাদের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদের বোনাস বকেয়া থাকলেও মালিকপক্ষ দীর্ঘদিন ধরে পরিশোধের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছিল।
বুধবার সকালে শ্রমিকরা কারখানায় এসে জানতে পারেন যে বকেয়া বেতন ও ঈদ বোনাস আগামী ১৮ মার্চ পরিশোধ করা হবে। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা ঢাকা–সিলেট মহাসড়কে নেমে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পরে প্রশাসনের হস্তক্ষেপে মালিকপক্ষ আগামীকাল ১২ মার্চ শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে পুনরায় কাজে যোগ দেন। এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ূন আহমেদ বলেন, মালিকপক্ষ আগামীকাল শ্রমিকদের বেতন ও বোনাস দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে কাজে ফিরে যান।