
বিদেশি এয়ারলাইনসের টিকিট আন্তর্জাতিক কার্ডে কেনার সুযোগ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে নির্দিষ্ট শর্তে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকরা বিদেশ ভ্রমণের জন্য আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি এয়ারলাইনসের টিকিট কিনতে পারবেন।
এ বিষয়ে সোমবার (২৯ সেপ্টেম্বর) একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে গত বছরের ১৯ নভেম্বর জারি করা আগের নির্দেশনা সংশোধন করা হয়েছে।
সংশোধিত নির্দেশনায় বলা হয়েছে, আগে বিদেশি এয়ারলাইনসের টিকিট বিক্রির অর্থ বাংলাদেশে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তির ব্যবস্থা থাকলেই আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনার সুযোগ পাওয়া যেত। এখন থেকে বিদেশি এয়ারলাইনস তাদের প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অ্যাকোয়ারিং ও পেমেন্ট সেটেলমেন্ট ব্যবস্থার মাধ্যমে দেশের বাইরে টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তি করলেও এ সুবিধা পাওয়া যাবে।
বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী ১৭টি বিদেশি এয়ারলাইনসের টিকিট কেনার ক্ষেত্রে এ সুবিধা প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট এয়ারলাইনসের মার্চেন্ট ক্যাটাগরি কোড (এমসিসি) ব্যবহার করে এডি ব্যাংকগুলো যোগ্য টিকিট কেনার লেনদেন শনাক্ত করবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও বলা হয়েছে, এই সুবিধার আওতায় কেনা টিকিটের মূল্য প্রযোজ্য ভ্রমণসীমার বাইরে থাকবে। যোগ্য টিকিট কেনার লেনদেন যাচাইয়ের পর গ্রাহকের আন্তর্জাতিক কার্ডে টিকিট কেনায় ব্যয় করা অর্থ পুনরায় জমা বা রিফিল করতে পারবে ব্যাংক। এ ক্ষেত্রে গ্রাহকের সঙ্গে বিদ্যমান ব্যাংকার-গ্রাহক সম্পর্কের আওতাধীন ব্যবস্থা অনুসরণ করতে হবে।
এ ধরনের লেনদেন নির্ধারিত রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশ ব্যাংককে জানাতেও এডি ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যবসায় সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ ব্যবস্থার ফলে বিদেশি এয়ারলাইনসগুলোর টিকিট বিক্রির অর্থ নিষ্পত্তির জন্য বাংলাদেশে স্থানীয় অ্যাকোয়ারিং ব্যাংকের সঙ্গে আলাদা ব্যবস্থা করার প্রয়োজন কমবে। এতে অনলাইনে টিকিট বিক্রির প্রক্রিয়াও সহজ হবে।