
চিকিৎসা ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence—AI) সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শাহিনুল আলম। সেই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে রোবোটিক সার্জারি চালুর পরিকল্পনাও রয়েছে বলে জনান তিনি।
মঙ্গলবার (২৯ জুলাই) বিএমইউ’র সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স কক্ষে ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (ISESCO) এবং বিএমইউ’র মধ্যে অনুষ্ঠিত “একাডেমিক-টেকনিক্যাল কোলাবরেশন” শীর্ষক এক সভায় তিনি এসব কথা বলেন। পরদিন (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, “এআইভিত্তিক চিকিৎসা সেবা ও পুনর্বাসন কার্যক্রমে দক্ষ মানবসম্পদ তৈরি করতে আমরা বদ্ধপরিকর। চিকিৎসা শিক্ষার আধুনিকায়ন, গবেষণা সহযোগিতা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন প্রযুক্তি ব্যবহারের দিকেও জোর দেওয়া হচ্ছে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. রাহিল কামার। তিনি ভবিষ্যতের মেডিকেল সায়েন্সে এআই-এর সম্ভাবনা ও প্রয়োগ নিয়ে বিশদ আলোচনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএমইউ’র বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ। মতামত প্রদান করেন—প্রফেসর ডা. সাইফ উল্লাহ মুন্সী, প্রফেসর ডা. মো. রুহল আমিন, সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন, জনস্বাস্থ্য ও ইনফরমেটিক্স বিভাগের প্রফেসর ডা. এম. মোস্তফা জামান, সহযোগী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান এবং সহকারী অধ্যাপক ডা. মারুফ হক খান।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই যৌথ উদ্যোগের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভরতা যেমন বাড়বে, তেমনি চিকিৎসা শিক্ষায়ও আধুনিকতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।