বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা চাচা-ভাতিজা। শনিবার (৩ জানুয়ারি)বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘির বড় আখিড়া চারমাথা মোড়ে সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার আরজিপাড়া আচলাই গ্রামের তফছের আলী প্রামাণিকের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং তার ভাতিজা হাজি আব্দুল হামিদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (৩৫)। আহত হয়েছেন একই গ্রামের ফজলুল প্রামাণিকের ছেলে মিজু আহমেদ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তারা শিবগঞ্জ থেকে নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি হাটে কচু বীজ কেনার জন্য যাচ্ছিলেন। সকাল থেকে সড়কটি প্রচণ্ড কুয়াশায় ঢাকা ছিল। অটোরিকশাটি বড় আখিড়া চারমাথা মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা নওগাঁগামী একটি অজ্ঞাত বাস ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও আদমদীঘি ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অটোরিকশা চালক ঘটনাস্থল ত্যাগ করেছেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “নিহতদের আত্মীয়-স্বজনরা মামলা না করায় লাশ পরিবারে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।”


