
পিরোজপুরের সদর উপজেলায় বাড়ির সামনে অটোরিকশায় বসে থাকা অবস্থায় ট্রাকের ধাক্কায় নজরুল শেখ (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভৈরমপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নজরুল শেখ ভৈরমপুর গ্রামের বাসিন্দা। তিনি মৃত ছত্তার শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টার দিকে নির্মাণসামগ্রীবোঝাই একটি ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় নজরুলের অটোরিকশায় ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করেছে পুলিশ। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, রাতে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।