
বরগুনার পাথরঘাটা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাধনা রানী (৩৫) নামে এক মায়ের মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন চন্দ্র দাসের স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভুগছিলেন সাধনা রানী। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার (২৫ জুন) ভোররাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, মৃত গৃহবধূর একমাত্র ছেলে হৃদয় চন্দ্র দাস (১২) একই রোগে আক্রান্ত হয়ে বর্তমানে শয্যাশায়ী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের মৃত্যু এবং সন্তানের অসুস্থতায় পরিবারটি চরম সংকটে পড়েছে।
স্থানীয়রা জানান, সম্প্রতি পাথরঘাটাসহ আশপাশের এলাকায় ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বেড়েছে। অনেক বাসিন্দা জ্বরে আক্রান্ত হলেও যথাযথ চিকিৎসা ও প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা দ্রুত ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের কার্যকর উদ্যোগের দাবি জানিয়ে বলেন, অবিলম্বে মশক নিধন কার্যক্রম জোরদার না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, “পাথরঘাটাসহ জেলার বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে আমরা কাজ করছি। আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং সচেতনতামূলক কার্যক্রমও চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে।”
ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি স্থানীয়দেরও সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ এখন সময়ের দাবি।