দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নজরদারি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, বাংলাদেশ পুলিশ সদর দফতর থেকে সতর্কতামূলক চিঠি পাওয়ার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) উচ্চমাত্রার সতর্কতা জারি করে। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। অ্যারাইভাল ও ডিপারচারসহ সব প্রবেশপথে তল্লাশি জোরদার করা হয়েছে। কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা গেলে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।
বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। তবে আগাম সতর্কতা হিসেবে সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল নেই, সেগুলোতেও রাতের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, পুলিশের একটি অভ্যন্তরীণ চিঠিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়েছে।
পুলিশ সদর দফতরের ডিআইজি (কনফিডেনসিয়াল) কামরুল আহসানের সই করা ওই চিঠিতে বলা হয়, সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী সংশ্লিষ্ট সংগঠনের কয়েকজন সদস্য নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন এবং তারা সমন্বিতভাবে স্পর্শকাতর স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করতে পারেন।
সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় জাতীয় সংসদ, পুলিশ ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোর কথা উল্লেখ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য হুমকি মোকাবেলায় নজরদারি বৃদ্ধি, গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদার এবং ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, নির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও জননিরাপত্তা নিশ্চিত করতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।


