
ফেনীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার (১ জুলাই) সকালে ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর উপজেলার খাইয়ারা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামের সাহাব উদ্দিন খোকন (৫৫) এবং ফেনী সদর উপজেলার দক্ষিণ ছনুয়া এলাকার কবির হোসেন (৭২)।
পুলিশ জানায়, সকালে ছাগলনাইয়া উপজেলার মির্জার বাজার এলাকায় কৃষিজমি থেকে হঠাৎ সড়কে উঠে আসা একটি ট্রাক্টরের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী সাহাব উদ্দিন খোকন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার ভাইসহ আরও তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এদিকে সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাইয়ারা বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন কবির হোসেন। পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, ট্রাক্টরের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাক্টরচালককে আটক করা হয়েছে। ট্রাক্টর ও অটোরিকশাটি পুলিশ হেফাজতে রয়েছে।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, অজ্ঞাত মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।