
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে পরপর চারটি যানবাহনের সংঘর্ষে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রাক থেকে ছিটকে পড়া ভারী স্টিলের বান্ডেলের আঘাতে এক পথচারীর মৃত্যু হয়েছে এবং অন্তত তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণের নাম আশরাফ (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে যান চলাচল ধীরগতির সময় প্রথমে একটি পিকআপের পেছনে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এরপর সেই কাভার্ডভ্যানের পেছনে স্টিলের বান্ডেলবাহী একটি ট্রাক ধাক্কা দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পরে আরও একটি কাভার্ডভ্যান ওই ট্রাককে ধাক্কা দিলে পরপর চারটি যানবাহন দুর্ঘটনায় পড়ে।
এ সময় ট্রাকের ওপর থাকা প্রায় ৫ টন ওজনের স্টিলের বান্ডেল ছিঁড়ে একটি কাভার্ডভ্যানের ওপর পড়ে। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকে পড়েন। একই সময় রাস্তা পার হওয়ার সময় পথচারী আশরাফ গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ মারা যান।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায় এবং যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তারেক জোবায়ের বলেন, আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে পাঠানো হয়, পরে সেখানে এক পথচারীর মৃত্যু হয়।