
দশমিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় হাফেজ মো. দেলোয়ার মুন্সি নামে এক ধান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে গলাচিপা-দশমিনা সড়কের দশমিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আরোজবেগী বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার মুন্সি রনগোপালদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব আউলিয়াপুর গ্রামের মৃত সৈয়দ আলী মুন্সির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বাউফল উপজেলার কালাইয়া বাজারে ধানের ব্যবসা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজস্ব ট্রলিতে করে আউলিয়াপুর থেকে কালাইয়ার উদ্দেশ্যে ধান নিয়ে যাচ্ছিলেন দেলোয়ার মুন্সি। পথে আরোজবেগী বাজার মোড়ে পৌঁছালে ট্রলিটির ব্রেক ফেল করে। এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশের একটি গাছের ওপর পড়ে যায়।
দুর্ঘটনার সময় ট্রলিচালকের বাম পাশে বসা দেলোয়ার মুন্সি ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রলিচালক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী আরোজবেগী বাজারের মৎস্য ব্যবসায়ী জাকির হোসেন হাওলাদার জানান, সকালে ধানবোঝাই ট্রলিটির ব্রেক ফেল করে বাজার মোড়ে উল্টে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেলোয়ার মুন্সিকে মৃত অবস্থায় দেখতে পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।