
পটুয়াখালীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জয়ত্রী দেবনাথ (১৪) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বরিশালের চৌরাস্তা এলাকায় তার মৃত্যু হয়। জয়ত্রী পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী এবং শহরের সবুজবাগ প্রথম লেন এলাকার বাসিন্দা ব্যবসায়ী বিপ্লব দেবনাথের মেয়ে।
বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আবু বকর সিদ্দিক।
পরিবার জানায়, তিনদিন আগে জ্বরে আক্রান্ত হলে জয়ত্রীকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রোববার রাতে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ও মঙ্গলবার তার শারীরিক পরিস্থিতি আরও খারাপ হলে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু ঢাকায় পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
মেডিকেল অফিসার ডা. আবু বকর জানান, জয়ত্রীর রক্তে প্লাটিলেট ২০ হাজারে নেমে গিয়েছিল এবং পরে তা আরও কমে ৭ হাজারে দাঁড়ায়। ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট ও রক্তচাপ অতিমাত্রায় কমে যাওয়াই মৃত্যুর কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, “জয়ত্রীকে যখন ভর্তি করা হয় তখনই তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। এরপরও আমরা সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি।”
পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে। এখন পর্যন্ত জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ১২১ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৮ জন এবং গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ২৩ জন।
জয়ত্রীর অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।