ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে ট্রাক্টর-ভ্যান সংঘর্ষে শিশু নিহত, আহত ৬

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ । ৩০ জন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ট্রাক্টর ও ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আল আমিন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার মা, ভাই ও খালাসহ আরও অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পায়রা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেলিম মালিক।

নিহত শিশু আল আমিন উপজেলার সোনাহার মল্লিকাদহ নুরুর বাজার সিকদার পাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার ছাত্র ছিল।

আহতদের মধ্যে রয়েছেন আল আমিনের মা আসমা খাতুন (৩৬), ছোট ভাই আরাফাত (৫), খালা সাজেদা বেগম (৩৭), খালাতো ভাই সুজাব আলী (৮), জুলেখা বেগম (৩৮) এবং ভ্যানচালক তারা মিয়া (৩৯)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন তার মা, ভাই ও খালার সঙ্গে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ব্যাটারিচালিত ভ্যানে করে বাড়ি ফিরছিল। পথে পায়রা চত্বর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক্টরের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানে থাকা সবাই ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘাতক ট্রাক্টরটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।