ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬

আজকের সর্বশেষ সবখবর

নাসিকে ভয়াবহ দুর্ঘটনা: গাড়ি কুয়ায় পড়ে একই পরিবারের ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ৪, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ । ৪৪ জন

ভারতের মহারাষ্ট্রের নাসিক শহরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তার পাশে গভীর কুয়ায় পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে ডিন্ডোরি তালুকের শিবাজি নগর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল রাতভর উদ্ধার অভিযান চালায়।

নিহতদের মধ্যে রয়েছেন— সুনীল দাত্তু ডারগোডে (৩২), রেশমা সুনীল ডারগোডে (২৭), আশা অনিল ডারগোডে (৩২), খুশি (১৪), শ্রেয়াস (১১), শ্রাবণী (১১), সমৃদ্ধি (৭), রাখী ও মাধুরী (১৩)। তারা সবাই মহারাষ্ট্রের ইন্দোর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় একটি কোচিং সেন্টারের আয়োজিত অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যরা একটি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। পথে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি রাস্তার পাশে গভীর কুয়ায় পড়ে যায়।

খবর পেয়ে ডিন্ডোরি থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে অংশ নেন। পরে সবাইকে উদ্ধার করে ডিন্ডোরি সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে ক্রেনের সাহায্যে কুয়া থেকে দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।