
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৮১৫ জন রোগী শনাক্ত হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫৮ জন।
শনিবার (২২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩১ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে প্রাণহানি হয়েছে ৯৩০ শিশুর।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৬৫ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮১৫ জন। এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ৫৯৩ শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ৪০৬ জনে। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ২৭৩ জন।
এ সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম নিয়ে মোট ১ লাখ ২৯ হাজার ৫৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ২৫ হাজার ১৫১ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ পরিসংখ্যানে দেশে হামের উপসর্গজনিত মৃত্যু ও আক্রান্তের সংখ্যা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।